কক্সবাজারে ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক: জয়ের অঙ্গীকার
মুহাম্মদ জুবাইর::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকালে জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন সওদাগর এর সভাপতিত্বে, জেলা সেক্রেটারী ও সমন্বয়কারী এ আর এম ফরিদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সাবেক জেলা সভাপতি মাওঃ মোহাম্মদ আলী নজির, জেলা সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর, সহ-সভাপতি ক্বারী মাওঃ আবদুল খালেক নিজামী, জয়েন্ট সেক্রেটারী মুস্তাফিজুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রিদওয়ানুল কবির সহ উপজেলা নির্বাচন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা এবং মাঠপর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কৌশল নির্ধারণ করে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
বৈঠকের নির্বাচনের দিন পর্যন্ত প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নির্বাচনী প্রচার-প্রচারণা এবং ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য দায়িত্বশীলদের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়।
ভোটারদের দোরগোড়ায় ‘হাতপাখা’র বার্তা পৌঁছে দিতে এবং জনমত গঠনে আধুনিক ও কার্যকর প্রচার কৌশল গ্রহণ করা হয়।
বৈঠকে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার শপথ নেন। তারা পীর সাহেব চরমোনাই হুজুরের প্রত্যাশা অনুযায়ী একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েমের লক্ষ্যে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, কক্সবাজারের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে:
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া): অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও): মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ): হাফেজ নুরুল হক।
কক্সবাজার-১ আসনে ত্রুটিজনিত কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও সেখানে আপিলের প্রক্রিয়া চলমান রয়েছে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচন অবাধ ও সুষ্ঠ হলে এবং লেভেল প্লেয়িং বজায় থাকলে কক্সবাজারের মানুষ ইসলামী আন্দোলনের প্রার্থীদের পক্ষে রায় দিয়ে আমূল পরিবর্তন নিয়ে আসবে।
মন্তব্য করুন