আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের সংস্কার ও সিসি ক্যামেরা স্থাপনে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি লাগবে না। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রবিবার স্থানীয় সরকার বিভাগ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে।
ইসির চিঠিতে বলা হয়েছে, ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সংস্কার, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও মেরামত, পাশাপাশি ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য ব্যবহৃত ভাঙা ও সংকীর্ণ রাস্তা মেরামতের কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের আলাদা সম্মতি ছাড়াই সম্পন্ন করতে পারবে।
চিঠিতে আরও বলা হয়, এসব প্রস্তুতিমূলক কাজ দ্রুত সম্পন্ন হলে ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোট পরিচালনায় সহায়ক হবে। এ সিদ্ধান্তের ফলে মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা করছে কমিশন।
প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে ২৯ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত।
মন্তব্য করুন