ইন্টারন্যাশনাল ডেস্ক:
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো প্রতিদিন ৪ লাখ ব্যারেল পরিশোধন ক্ষমতাসম্পন্ন জিজান শোধনাগার বন্ধ করে দিয়েছে।
মেহর নিউজ এজেন্সির বরাতে পার্স টুডে জানায়, সাম্প্রতিক ইয়েমেনি হামলার পর সৌদি আরামকো জিজান শোধনাগারের কার্যক্রম বন্ধ করে দেয়। প্রতিবেদন অনুযায়ী, হামলায় শোধনাগারের ইন্টিগ্রেটেড গ্যাসিফিকেশন কম্বাইন্ড সাইকেল (IGCC) কমপ্লেক্স এবং তেল সংরক্ষণাগারের এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সৌদি প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য মূলত ইয়েমেনি ড্রোন শনাক্ত করতে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা আড়াল করার চেষ্টা।
তিনি বলেন, উত্তেজনা প্রশমনের সময়েও সৌদি আরবের বারবার লঙ্ঘনের বিরুদ্ধে ইয়েমেন গত কয়েক বছর ধরে ধৈর্য ধারণ করেছে।
ওই কর্মকর্তা আরও বলেন, সৌদি আরবকে ইয়েমেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে এবং যেকোনো লঙ্ঘনের পরিণতির দায়ও বহন করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, বিমানবন্দর ও বন্দর পুনরায় খুলে দেওয়া এবং বাণিজ্য সহজ করার মাধ্যমে সৌদি আরবকে ইয়েমেনের জনগণের ওপর অবরোধের অবসান ঘটাতে হবে। শেষে তিনি বন্দিদের মুক্তি, ইয়েমেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং দেশটির জনগণকে নিজেদের প্রাকৃতিক সম্পদ ও জাতীয় সম্পদ ব্যবহার করে সরকারি কর্মীদের বেতন প্রদান ও জনসেবা নিশ্চিত করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন