দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড :
উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বাসস’কে জানান, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত জাফর আহমদকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটির বিচার অনুষ্ঠিত হয়। এর আগে গত ৫ মে ২০২৬ বিভাগীয় বিশেষ জজ আদালত জাফর আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
জাফর আহমদ নিষিদ্ধ সংগঠন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। ২০১৪ থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন । এক সময় বিএনপি করলেও বিগত আওয়ামী সরকারের আমলে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ঘনিষ্ঠজন বা অনুসারী হিসেবে পরিচিত ছিলেন জাফর আহমদ।
মন্তব্য করুন