আন্তর্জাতিক ডেস্ত:
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে রশিয়া-ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ।
শনিবার ভোরে দক্ষিণ আমেরিকার দেশটিতে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, এই অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে আটক করে বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ অভিযান যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালনা করা হয়েছে।
আক্রমণের পর এক্সে এক বিবৃতিতে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, ভেনেজুয়েলা এক ‘নতুন ভোর’ দেখেছে। স্বৈরশাসকের বিদায় হয়েছে। এখন সে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবে।
মাদুরো সরকার বলেছে, ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের চালানো সামরিক আগ্রাসনকে ভেনেজুয়েলা ‘প্রত্যাখ্যান’ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরকার।
যুক্তরাজ্য ‘কোনোভাবেই জড়িত ছিল না’: কেয়ার স্টারমার
মার্কিন অভিযানে যুক্তরাজ্য কোনোভাবেই জড়িত ছিল না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি জানান, নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা ও বলেননি।
‘না, আমি তা করিনি এবং এটি স্পষ্টতই একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমাদের সমস্ত তথ্য যাচাই করতে হবে যুক্তরাজ্যের গণমাধ্যমের জন্য রেকর্ড করা মন্তব্যে স্টারমার বলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ এবং নিন্দা’ জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।
সারা বিশ্বকে সতর্ক করা হচ্ছে: কলম্বিয়ার প্রেসিডেন্ট
কলম্বিয়া এই ঘটনার পর সীমান্তে সেনা মোতায়েন করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে ধারাবাহিক পোস্টে লিখেছেন, সারা বিশ্বকে সতর্ক করা হচ্ছে, ভেনেজুয়েলায় হামলা চালানো হয়েছে। তিনি বলেন, শান্তি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং জীবন ও মানবিক মর্যাদার সুরক্ষা সব ধরনের সশস্ত্র সংঘাতের ঊর্ধ্বে থাকা উচিত। 
ভেনেজুয়েলায় হামলা যে অজুহাতে, তা গ্রহণযোগ্য নয়- রাশিয়া।
রাশিয়া একে ‘সরাসরি সশস্ত্র আগ্রাসন’ বলে নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজ সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। এটা উদ্বেগজনক এবং নিন্দনীয়। শনিবার দেওয়া বিবৃতিতে বলা হয়, এই হামলাকে ন্যায্যতা দিতে যে অজুহাত দেখানো হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।
আমরা ভেনেজুয়েলার জনগণের সঙ্গে আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি, বলে বিবৃতিতে জানানো হয়
ভেনেজুয়েলার দীর্ঘদিনের মিত্র ইরান এবং কিউবা এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে।
কিউবা:
কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ভাষায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানান। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে ভেনেজুয়েলায় অপরাধমূলক হামলা চালানোর অভিযোগ তুলে জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানান।
ত্রিনিদাদ এন্ড টোবাগো ভেনিজুয়েলার জনগণের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসার।
ইরান:
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে একে দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভেনেজুয়েলায় উত্তেজনা কমানো, সংযম এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে।
এদিকে নাগরিকদের শান্ত থাকার এবং দেশের নেতৃত্ব ও সামরিক বাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো। তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, এই আক্রমণ সম্পর্কে বিশ্বের কথা বলা উচিত।
মন্তব্য করুন