যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে একটি বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ক্রীড়া তারকা গ্রেগ বিফেলসহ সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই বিফেলের পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল একটি সেসনা ৫৫০ বিজনেস জেট। উড়োজাহাজটি গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল, অর্থাৎ তিনিই এর মালিক ছিলেন।
বৃহস্পতিবার সকালে গ্রেগ বিফেল ও তার পরিবারের সদস্যরা নর্থ ক্যারোলাইনার একটি বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে যাত্রা শুরু করেন। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে স্টেটসভিল বিমানবন্দরের রানওয়েতে বিমানটি আছড়ে পড়ে।
নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা জানান, আছড়ে পড়ার পর বিমানটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি। পরে আগুন নেভানোর পর পুড়ে যাওয়া বিমান থেকে গ্রেগ বিফেলসহ সাতজনের দগ্ধ দেহাবশেষ উদ্ধার করা হয়।
মন্তব্য করুন