টেকনাফের খারাংখালীর শীর্ষ মাদককারবারী রাসেল ১৪ হাজার ইয়াবাসহ র্যাবের হাতে আটক: মাদকের টাকায় সম্পদের পাহাড়
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) মধ্যরাতের বিশেষ অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় একদল ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। 
গ্রেপ্তার রাসেল হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত আবুল মনজুরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫–এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার আসামিকে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, কক্সবাজারকে মাদকমুক্ত রাখতে র্যাবের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানিয় সূত্রে জানা যায়, আটক রাসেলে মাদকের টাকায় সম্পদের পাহাড় গড়েছে। খারাংখালী,হোয়াইক্যং,কক্সবাজার, ঢাকা সহ বিভিন্ন স্থানে জায়গা জমি ও ফ্ল্যাটবাড়ি রয়েছে। রয়েছে নামি-দামি গাড়ি।
দুদক অনুসন্ধান করলে বেরিয়ে আসবে সব তথ্য।
মন্তব্য করুন