ভালুকায় জমির নামজারি নিয়ে আবেদন নামঞ্জুর, বহাল থাকল বিবাদীর খারিজ
মোঃ আফছার উদ্দিন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে দাখিল করা একটি আবেদন নামঞ্জুর করেছেন সহকারী কমিশনার ভূমি। নথিপত্র ও দলিল পর্যালোচনা করে বিবাদীর নামে সম্পন্ন করা নামজারি ও জমা খারিজ সঠিক বলে এই আদেশ দেওয়া হয়।
ভূমি কার্যালয়ের নথিপত্র থেকে জানা যায় গোলাম মোস্তফার জমি নিজের বলে দাবি করে মো. শফিকুল ইসলাম নামজারি ও জমা খারিজের বৈধতা নিয়ে আপত্তি জানান। এ বিষয়ে তিনি ভূমি কার্যালয়ে আবেদন দাখিল করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কাগজপত্র ও প্রমাণাদি পর্যালোচনা করে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
আদেশে উল্লেখ করা হয় বিবাদী সংশ্লিষ্ট জমি বৈধ সাফ কবলা দলিলের মাধ্যমে অর্জন করেছেন। ওই দলিলের ভিত্তিতে তাঁর নামে নামজারি ও জমা খারিজ সম্পন্ন হয়। পর্যালোচনায় বিবাদীর নামজারি সঠিক বলে প্রতীয়মান হওয়ায় আবেদনকারীর দাবি গ্রহণযোগ্য বিবেচিত হয়নি।
এদিকে নালিশি জমিতে সরেজমিন তদন্তকালে আবেদনকারীর দখল পরিলক্ষিত হওয়ার কথা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তদন্তের সময় বিবাদী উপস্থিত না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে জানানো হয়।
সার্বিক নথিপত্র বিশ্লেষণ করে বিবাদীর নামে সম্পন্ন ১২৩৬২ নম্বর নামজারি ও জমা খারিজ সঠিক বলে ঘোষণা করা হয়। একই সঙ্গে The State Acquisition and Tenancy Act, 1950 আইনের ১৫০ ধারার আওতায় দাখিল করা আবেদন নামঞ্জুর করে মামলাটি নথিজাত করার নির্দেশ দেওয়া হয়।
ভালুকার সহকারী কমিশনার ভূমি মো. ইকবাল হোসেন গত ২০ মে ২০২৬ তারিখে এই আদেশ জারি করেন। আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং ডাকাতিয়া ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন