টেকনাফের নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ
উপজেলা প্রতিনিধি টেকনাফ।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
আহত জেলেরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।
হোয়াইক্যং ঝিমংখালী এলাকার ইউপি সদস্য কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০–১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে মো. সোহেল ও মো. ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে গুলিবর্ষণের সময় জেলেরা মিয়ানমার সীমান্তে অবস্থান করছিলেন নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, দুই জেলে নাফনদীতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে শুনেছি।
টেকনাফের ঝিমংখালী বিওপির কোম্পানি কমান্ডার বলেন,বিষয় টি উর্ধ্বতন কর্তৃপক্ষ কি অবহিত করা হয়েছে। বিস্তারিত আমার কতৃপক্ষ জানাবেন।
মন্তব্য করুন